প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পেলো টেন মিনিট স্কুল

১৬ জানুয়ারি, ২০২২ ১০:০২  
মোবাইল অপারেটর রবি’র সহযোগিতার পর এবার প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পেলো অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। প্ল্যাটফর্মটিতে ১৭ কোটি টাকা বিনিয়োগ করলো ভারতের সেকোয়া ক্যাপিটাল। এ বিনিয়োগের বিপরীতে সেকোয়া ক্যাপিটাল টেন মিনিট স্কুলের মালিকানার সঙ্গে যুক্ত হবে। এত দিন শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে টেন মিনিট স্কুল প্রকল্পভিত্তিক স্পনসরশিপে পরিচালিত হয়ে আসছিল। আর শুরু থেকে এটির মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির দুই উদ্যোক্তা আয়মান সাদিক ও আবদুল্লাহ আবইয়াদ। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আয়মান সাদিক জানিয়েছেন, বিদায়ী বছরে প্ল্যাটফর্মটিতে আগের বছরের চেয়ে ১২ গুণ বেশি ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে। সেকোয়া ক্যাপিটালের এই বিনিয়োগ টেন মিনিট স্কুলের পণ্য, প্রযুক্তি, দক্ষ জনবল এবং কার্যক্রমের বিস্তার ঘটাতে সাহায্য করবে। এই বিনিয়োগের মাধ্যমে নতুন বছরে টেন মিনিট স্কুলের কার্যক্রম আরও বিকশিত হবে। মানসম্পন্ন কনটেন্ট তৈরিতে এই বিনিয়োগ ব্যাপক ভূমিকা রাখবে। আয়মান সাদিক ও আবদুল্লাহ আবইয়াদের স্বপ্নের প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল শিক্ষার্থীদের পড়াশোনার কার্যক্রম শুরু করে ২০১৫ সালে। ২০১৬ সালের এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয় টেলিকম অপারেটর রবি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিটি অস্কার খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে ই-লার্নিং ক্যাটাগরিতে ১৭ তম অ্যাপিকটা অ্যাওয়ার্ডস জয় করে। ২০২০ সালে ৯০ লাখ নতুন শিক্ষার্থী যুক্ত হয় প্ল্যাটফর্মটিতে।